Published : 06 Nov 2024, 09:57 PM
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মাদকের তালিকায় থাকা 'টাপেন্টাডল' নামের ৩১ হাজার ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
বাহিনীটি বলছে, ভারত থেকে পাচার হয়ে আসা এই ট্যাবলেট প্রায় ৬ বছর আগে মাদক হিসাবে তালিকাভুক্ত হয়েছে।
বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার জসিম উদ্দিন।
তিনি জানান, অন্য একটি অভিযানে এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই দুইটি অভিযানে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়।
'টাপেন্টাডল' নামের ট্যাবলেট উদ্ধার অভিযানে গ্রেপ্তার দুইজন হচ্ছেন সুমন চন্দ্র দত্ত ও শাহ পরান। নাসিবুর রহমান ওরফে নাসিবের কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা।
উপ কমিশনার জানান, সোমবার রাতে বাবুবাজার ব্রিজ চেকপোস্ট চলাকালে নির্দেশ অমান্য করে যাওয়া একটি প্রাইভেট কার আটক করে পুলিশ।
পরে গাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ৩১ হাজার 'টাপেন্টাডল' ট্যাবলেট পাওয়া যায়, গ্রেপ্তার করা হয়, চালক ও এক আরোহীকে।
"তারা এগুলো মাদক হিসেবে বিক্রির জন্য ঢাকায় এনেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।"
উপ কমিশনার জানান, একই রাতে সূত্রাপুর থানার হানিফ টাওয়ারের সামনে পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালে সন্দেহজনকভাবে আটক এক ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
"নাছিব নামের ওই ব্যক্তির সন্দেহজনক আচরণে পুলিশ তাকে ডাক দিলে সে পালানোর চেষ্টা করেছিল।"