১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঘন কুয়াশার কারণে রাতে নৌ চলাচল বন্ধ

কুয়াশার ওপর নির্ভর করবে এরপর কখন শুরু হবে চলাচল, বলেন বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 09:47 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আপাতত রোববার রাতে নৌ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

এদিন সন্ধ্যায় অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য দিয়ে বলেন, “ঘনকুয়াশার কারণে আজ (রোববার) রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।”

 নৌযান চলাচল বন্ধ রাখার নির্দিষ্ট কোনো সময় আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “এটা কুয়াশার ঘনত্বের উপর নির্ভর করবে। আপাতত রাতের কথা বলা হয়েছে। পরবর্তি কোনো নির্দেশনা থাকলে জানিয়ে দেওয়া হবে।”

ইতিমধ্যে অন্য নৌপথে ছেড়ে যাওয়া লঞ্চের বিষয়ে এই কর্মকর্তা বলেন, “আর যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পথিমধ্যে রয়েছে সেগুলো ও অন্যান্য নৌযানকে অভ্যন্তরীণ নৌ চলাচল-১৯৭৬ মোতাবেক চলাচলের নির্দেশনা দেওয়া হল।”

এর আগে নদীতে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে ঢাকা, চাঁদপুর, ভোলা, বরিশালসহ দেশের সব নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে শনিবার কুয়াশা কমলে লঞ্চ চলাচল শুরু হয়েছিল।