১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বন্ধ কারখানা চালুর কাজ কতদূর এগোলো? প্রধানমন্ত্রীর বৈঠক

বন্ধ কারখানার চালুর জন্য ২০ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বন্ধ কারখানা চালুর কাজ কতদূর এগোলো? প্রধানমন্ত্রীর বৈঠক
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 10:40 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া কতটুকু এগোলো, তা জানতে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

তিনি বলেন, “বৈঠকে সরকারি শিল্পকারখানা পুনরায় চালু প্রক্রিয়া কোন পর্যায়ে আছে, তা নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো দ্রুত চালুর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং এসব শিল্পকারখানায় বেসরকারি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে।

“চলতি বছরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”

গেল ২৩ মে বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, সেখানে ২০ হাজার কোটি টাকা বন্ধ কলকারখানা চালুর জন্য রাখার কথা বলা হয়েছে।

উচ্চ পর্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন উপ প্রেস সচিব।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডারর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।