সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
আওয়ামী লীগ সরকার পতনের পরপর এনামুলকে গ্রেপ্তার করে র্যাব।
দুর্নীতির মামলায় রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম তাদের আয়কর নথি জব্দের অনুমতি চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি এনামুল হক ও তহুরা হকের ২০০৮-০৯ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র জব্দ করা দরকার।
গত বছরের ২৯ এপ্রিল এনামুল হকের বিরুদ্ধে এবং ৩০ এপ্রিল তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে পৃথক মামলা করে দুদক।
এনামুল হক ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন।
আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার আদাবর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
