Published : 22 Apr 2026, 08:08 PM
যক্ষ্মা রোগকে বাংলাদেশের জন্য একটি বড় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বর্ণনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যের বরাতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, যক্ষ্মা রোগীর সংখ্যার আধিক্যে বাংলাদেশ অন্যতম।
জাতীয় সংসদে চট্টগ্রাম-১২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দারিদ্র্য, অপুষ্টি, ধূমপান, ডায়াবেটিস, জনঘনত্ব ও সচেতনতার অভাবে সংক্রমণ বাড়ে।
বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং ডায়াগনস্টিক সরঞ্জাম নিশ্চিত করতে গ্লোবাল ফান্ডের সহায়তার পাশাপাশি সরকারি অর্থায়ন বাড়ানো হচ্ছে। এ লক্ষ্যে ৩ হাজার ১৪২ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া চলছে।
৩০ জেলায় সরকারি মেডিকেল কলেজ নেই
সরকারদলীয় সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে ৩৪ জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাকি ৩০ জেলায় সরকারি মেডিকেল কলেজ নেই।
জেলাগুলো হল-নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, মৌলভীবাজার, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও শেরপুর।
তবে মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর, নরসিংদী, ভোলা, শেরপুর ও লক্ষ্মীপুরে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

কওমি সনদের মান পুনর্নির্ধারণ হলে চাকরির সুযোগ
এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, কওমি মাদ্রাসার সনদের মান আলিয়া মাদ্রাসার সমমান হিসেবে সরকার পুনর্নির্ধারণ করলে সরকারি চাকরিসহ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
মডেল মসজিদে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল দিচ্ছে সরকার
বিরোধী দলের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রতিটি মডেল মসজিদের জন্য ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার বহন করছে। এর অতিরিক্ত বিল মসজিদ কমিটির উদ্যোগে দান-অনুদানের মাধ্যমে পরিশোধ করা হয়।
৪৯০৮ মসজিদে ভাতা পাচ্ছেন ১৪৭২৪ জন
বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর প্রশ্নের জবাবে কায়কোবাদ বলেন, প্রাথমিক হিসাবে দেশের ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন ও ৩৩০টি পৌরসভার ৪ হাজার ৯০৮টি মসজিদে প্রায় ১৪ হাজার ৭২৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে।
জুলাই অভ্যুত্থান আর্কাইভ তৈরিতে ৫০ কোটি বরাদ্দ হয়নি
সংস্কৃতি বিষয়ক প্রশ্নে এনসিপির হাসনাত আব্দুল্লাহর জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আর্কাইভ তৈরির জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়নি, এ সংক্রান্ত কার্যক্রমও নেওয়া হয়নি।
তবে জাদুঘরের জন্য বরাদ্দকৃত ‘ডক্যুমেন্টারি বাজেট’ থেকে সরকারি ক্রয়বিধি অনুসরণ করে ১৯টি তথ্যচিত্র তৈরি করা হয়েছে, যাতে ব্যয় হয়েছে ৫ কোটি ২৩ লাখ ৭২৩ টাকা।