Published : 19 Jul 2026, 05:02 PM
ঢাকার মোহাম্মদপুরে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনার করা মামলা আরও দুজন সাক্ষ্য দিয়েছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মোহাম্মদপুর থানার এএসআই গ্রীশ চন্দ্র বর্মণ ও আজমল হোসেন রোববার জবানবন্দি দেন।
এরপর আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম দুই সাক্ষীকে জেরা করেন৷ জেরা শেষে আদালত সাক্ষীর জন্য আগামী ১৪ অক্টোবর পরবর্তী দিন রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান।
এখন পর্যন্ত মামলাটিতে ২৮ সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য শেষ হয়েছে।
মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় ২০১৮ সালের ১০ অগাস্ট রাতে বদিউল আলম মজুমদার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
ওই হামলার আড়াই বছরের মাথায় ২০২১ সালের ১৮ জানুয়ারি আদালতে ৯ জনের নামে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আব্দুর রউফ।
আসামিরা হলেন-নিষিদ্ধ সসংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ।
২০২১ সালের ১৮ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়। ২০২২ সালের ২৮ মার্চ এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
সাক্ষীদের মধ্যে বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাদের জবানবন্দিতে জনৈক ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেন। ওই বছরের ২৭ ডিসেম্বর আদালত এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায় থেকে উত্তোলন করে অধিকতর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঢাকার সিএমএম কাছে পাঠান।
২০২৩ সালের ১ জানুয়ারি ঢাকার তৎকালীন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ মামলাটি অধিকতর তদন্তের আদেশ দেন। অধিকতর তদন্ত শেষে ওই বছরের ১৯ সেপ্টেম্বর দিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ নয়জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র জমা দেন তদন্তকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার রাজন সাহা।
পরে ২০২৩ সালের ১৯ নভেম্বর ঢাকার তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেন।
মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলা: প্রতিবেদন আরও পেছাল
মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলা: প্রতিবেদন দিতে আরও এক মাস পেল ডিবি