Published : 16 Oct 2025, 04:57 PM
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফলে ধসের মধ্যে এবার দেশের বাইরের আট কেন্দ্রে পাস করেছে প্রায় ৯৬ শতাংশ শিক্ষার্থী।
মধ্যপ্রাচ্যের পাঁচ দেশের এসব কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২৯১ জন, যার মধ্যে পাস করেছেন ২৭৯ জন। সেই হিসাবে প্রবাসী শিক্ষার্থীদের পাসের হার ৯৫ দশমিক ৮৮ শতাংশ।
এর আগে ২০২৪ সালে ওই আট কেন্দ্রে অংশ নিয়েছিলেন ২৮২ জন, আর পাস করেন ২৬৯ জন। অর্থাৎ ৯৫ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। সেই হিসাবে চলতি বছরে পাসের হার বেড়েছে দশমিক ৫৫ শতাংশ পয়েন্ট।
দেশের বাইরের আটটি প্রতিষ্ঠানের মধ্যে রিয়াদ ও ত্রিপোলির দুই কেন্দ্রে সব শিক্ষার্থীই পাস করেছে। কেউই উত্তীর্ণ হয়নি- এমন কোনো প্রতিষ্ঠান বিদেশে নেই।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৫৮ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। এবার পাসের হার গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন।
২০২৪ সালে এই পরীক্ষায় মোট পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর সর্বমোট জিপিএ ৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।
প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আমিরাতের দুবাইতে দুটি এবং কাতারের দোহা, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, বাহরাইনের মানামা, লিবিয়ার ত্রিপালি এবং ওমানের সাহামে একটি করে প্রতিষ্ঠান রয়েছে।
এক নজরে বিদেশি কেন্দ্রের ফল
|
সাল |
পাসের হার |
|
২০২৫ |
৯৫.৮৮% |
|
২০২৪ |
৯৫.৩৯% |
|
২০২৩ |
৯৪.৩৯% |
|
২০২২ |
৯৭.৩২% |
|
২০২১ |
৯৮.৮৮% |
|
২০২০ |
১০০% |
|
২০১৯ |
৯৪.০৭% |
|
২০১৮ |
৯২.২৮% |
|
২০১৭ |
৯৪.২১% |
|
২০১৬ |
৯৩.৫৫% |
|
২০১৫ |
৮৯.৮৩% |
|
২০১৪ |
৭২.৫১% |
|
২০১৩ |
৯০.২৪% |
|
২০১২ |
৯৪.৪১% |