শাহজালালে পৌনে ৮ কেজি স্বর্ণসহ বিমানকর্মী আটক
আটক বিমানকর্মীর কোমরে গোঁজা অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় সাত কোটি ৮০ লাখ টাকা।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৮৮৮ গ্রাম ওজনের ৬৮টি সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন।
এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, রোববার রাতে বিমানের এয়ারক্রাফট মেকানিক শফিকুল ইসলামের (৩৩) কোমরে গোঁজা অবস্থায় ওই স্বর্ণের বারগুলো পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় সাত কোটি ৮০ লাখ টাকা।
জিয়াউল হক বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নজরদারি করছিল এপিবিএন এর সাধারণ পোশাকের গোয়েন্দা দল। কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৮৩ সন্ধ্যা ৭টায় ঢাকায় অবতরণ করে। সব কাজ সেরে রাত সাড়ে ৯টার দিকে হ্যাঙ্গারের সামনে পার্ক করে রাখা হয় উড়োজাহাজটি।
বিমানের টেকনিশিয়ান, ক্লিনার এবং অন্য স্টাফরা তাদের কাজ শেষ করে একে একে উড়োজাহাজটি ছেড়ে যাওয়ার পর রাত ১০টায় যখন আর কেউ ছিল না, তখন খুবই দ্রুততার সাথে বিমানের এয়ারক্রাফট মেকানিক শফিকুল ইসলাম বোয়িং ৭৭৭ মডেলের এই উড়োজাহাজে ওঠেন। তার আচরণ দেখে সন্দেহ হয় এপিবিএন গোয়েন্দা দলের।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল বলেন, “কিছুক্ষণের মধ্যে যখন তিনি উড়োজাহাজ থেকে নেমে এসে দ্রুততার সাথে স্থান ত্যাগ করার চেষ্টা করছিলেন, তখন তাকে আটক করা হয়। হ্যাঙ্গারের সামনেই বিভিন্ন এজেন্সির উপস্থিতিতে তল্লাশি করে তার কাছে ৬৮টি স্বর্ণের বার পাওয়া যায়।
“জিজ্ঞাসাবাদে শফিকুল জানান, তিনি বিমানের ডগ বক্স থেকে এই স্বর্ণের বারগুলো সংগ্রহ করেন। এই স্বর্ণের উৎস ও গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্পষ্ট কোনো তথ্য না জানিয়ে এলোমেলো কথাবার্তা বলতে থাকেন।”
এয়ারক্রাফট মেকানিক শফিকুল ইসলাম ২০১৩ সালে ক্যাজুয়াল স্টাফ হিসেবে বিমানে যোগ দেন। ২০১৭ সালে তার চাকরি স্থায়ী হয়। তার গ্রামের বাড়ি খুলনা জেলার দৌলতপুরে।
তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে এপিবিএন।
