Published : 10 Aug 2025, 08:02 PM
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ইউশা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী এবং সুমাইয়া লরিন নামে এক শিক্ষক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায় শনিবার ইউশা এবং সুমাইয়া লরিনকে ছুটি দেওয়া হয়েছে। ওই আগুনে তাদের দুজনের শরীরের খুব বেশি পোড়েনি। তাদের পরিবারের লোকজন দুজনকে বাড়ি নিয়ে গেছেন।”
বিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এ নিয়ে ১৪ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেন।
গত ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনের মুখে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৪ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু। দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।
আহতদের মধ্যে ৫৬ জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়; তাদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। ছাড়পত্র পেয়েছেন ১৪ জন, ২৪ জন রোগী এখনও হাসপাতালে ভর্তি আছেন।
দুর্ঘটনার পর কয়েক দফা ছুটি বাড়িয়ে গেল ৬ অগাস্টে ক্লাস ও পরীক্ষা শুরু করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
শিক্ষা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কাউন্সেলিং সেন্টার খোলা হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে এর আওতায় আনা হবে বলে মাইলস্টোনের স্কুল শাখার প্রধান শিক্ষক খাদিজা আক্তার জানিয়েছিলেন।