Published : 07 Jul 2024, 08:52 PM
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে প্রায় ৫ ঘণ্টা ঢাকার গুরুত্বপূর্ণ ৭টি রাস্তার মোড় অবরোধ আটকে রাখার পর সরে গেছেন আন্দোলনকারীরা।
যাওয়ার আগে সোমবার ফের অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। এদিনও তারা সারাদেশে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি বিকাল সাড়ে ৩ টা থেকে অবরোধ কর্মসূচি পালন করবেন।
রোববার রাত ৮টার দিকে এ ঘোষণা দিয়ে শাহবাগ মোড় ত্যাগ করেন আন্দোলনকারীরা।
কাছাকাছি সময়ে সাইন্স ল্যাবরেটরি, নীলক্ষেত, চানখারপুল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও কারওয়ান বাজার মোড়ও ছাড়েন আন্দোলনকারীরা।
এর আগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে দুপুর ২টার দিকে নীলক্ষেত থেকে মিছিল নিয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বিকাল তিনটার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করেন ইডেন মহিলা কলেজ ও গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা।

এরপর ৩টা ৫০ মিনিটে শাহবাগ অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামন থেকে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি হয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয়।
ধীরে ধীরে আন্দোলনকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও কারওয়ান বাজার মোড় পর্যন্ত ছড়িয়ে পড়েন।
অন্যদিকে চানখারপুল মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল, শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।
আগারগাঁওয়েও রাস্তায় নামের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের এই অবরোধের কারণে রাজধানীর এসব গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়, সময় গড়ানোর সাথে সাথে পুরো রাজধানীতে ছড়িয়ে পড়ে।
বিকালের এই কর্মসূচির কারণে অফিস ফেরত মানুষকে পড়েতে হয় চরম ভোগান্তিতে।
ব্যস্ত কর্মদিবসে রাস্তা আটকে এমন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
দিনের কর্মসূীচির সমাপ্তি টেনে রাতে শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “বাংলা ব্লকেডে শিক্ষার্থীরা অভূতপূর্ব সাড়া দিয়েছে। আমরা কোটা সংস্কার করেই ঘরে ফিরব, কোনো আপস হবে না।
“আগামীকাল বিকাল সাড়ে তিনটায় আবারও আমরা অবরোধ কর্মসূচি পালন করব। আমাদের অবরোধ শাহবাগ থেকে ফার্মগেট ছড়িয়ে যাবে। ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে।”
সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দাবিতে রোববার পঞ্চম দিনের মতো সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘটও পালন করছেন কোটাবিরোধীরা।
কোটার বিরোধিতায় শুরু 'বাংলা ব্লকেড', যানজটের ভোগান্তি