Published : 09 Feb 2025, 11:52 PM
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকারের খোঁজে অভিযান চালানো দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক কাজী সায়েমুজ্জামানের নামে নালিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের কাছে নালিশ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ঊর্ধতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ চিঠি গেল সপ্তাহে পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে মন্তব্যের কারণে এমন চিঠি পাঠানো হয়েছে বলেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার তল্লাশি করার সঙ্গে এ চিঠি পাঠানোর কোনো সম্পর্ক নেই। তিনি (কাজী সায়েমুজ্জামান) সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে নানা রকমের কথা বলেছেন। এ বিষয়ে একটি চিঠি মতিঝিল কার্যালয় থেকে দুদক চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।”
কেন্দ্রীয় ব্যাংকের এই নির্বাহী পরিচালক বলেন, “সায়েমুজ্জামান ধারণাবশত সামাজিক মাধ্যমে বক্তব্য পেশ করেছেন। সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে যে বিধিমালা রয়েছে তা লঙ্ঘন হয়েছে।
“দুদক চেয়ারম্যানকে চিঠি দিয়ে স্মরণ করিয়ে দেওয়া যে সায়েমুজ্জামান সেই নির্দেশনা মানছেন না।”
এ বিষয়ে দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামানকে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
এদিকে রোববার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভল্টে তল্লাশি চালিয়েছে দুদক।
সাড়ে তিন ঘণ্টা ধরে অভিযান চালানোর পর বিকালে দুদকের পরিচালক সায়েমুজ্জমান বলেন, “যে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে এসেছিলাম, তাদের নামে লকার নেই। আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। আদালতের অনুমোদনের ভিত্তিতে পরবর্তী অভিযান চালাবে দুদক।”