Published : 08 Feb 2026, 01:48 PM
মানহানির অভিযোগ এনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম এর সাংবাদিক মো. আকাশ মামলার আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী এনামুল হক শিশির বলেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, “'নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম' এ গত ৩১ জানুয়ারি দুপুর ২টার দিকে 'নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল' অনলাইন পত্রিকায় মনির হোসাইন কাসেমীর নির্বাচনি প্রার্থী হিসেবে টাকা বিতরণের ভিডিও প্রকাশ করে। ভিডিওটি দেশের বেশিরভাগ গণমাধ্যমে প্রকাশ পায়। এর পরিপ্রেক্ষিতে প্রার্থীর স্বীকারোক্তির ভিত্তিতে ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার তাকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
“পরবর্তীতে ১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে পল্লবীর বনলতা সুইটসের পাশে চায়ের দোকানে আকাশ ও অন্যান্য সাক্ষীরা মোবাইলে দেখতে পান আসামিদের পরিচালিত ফ্যান পেইজে নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম-এর লোগো ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছবি ব্যবহার করে একটি আপত্তিকর, মানহানিকর ও অসত্য কন্টেন্ট আপলোড করা হয়। আপত্তিকর ও মানহানিকর ভিডিওটি রাত ১১টার দিকে ডিলিট করা হয়। তবে মনির হোসাইন কাসেমীর নামীয় আরেকটি ফ্যান ফেইসবুক পেইজ আইডি নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল ও নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম নামে পোস্ট করা মানহানিকর ভিডিওটি এখনও পোস্ট আকারে রয়েছে।”
কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে 'নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম' ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল-এর বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয় মামলায়।