Published : 01 Aug 2026, 04:27 PM
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 'ক্যাপসুলসদৃশ’ স্বর্ণসহ ভারতীয় এক যাত্রী ধরা পড়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর—সিআইআইডির হাতে।
ওই যাত্রী তার অর্ন্তবাসের মধ্যে 'অভিনব কায়দায়’ স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা করছিলেন বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থটি।
সংস্থাটি শনিবার বিজ্ঞপ্তিতে বলছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এদিন সকাল ৬টা ৫৮ মিনিটে ‘এয়ার অ্যারাবিয়ার জি৯-৫২৬’ ফ্লাইটে শাহ আমানতে নামেন ভারতীয় যাত্রী থামিম আনসারি। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার পর চট্টগ্রাম সিআইআইডির একটি দল তাকে শনাক্ত করে। সপোর্টে তার ঠিকানা ভারতের তামিলনাড়ু রাজ্যে উল্লেখ আছে।
"পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ক্যাপসুলসদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।"
প্যাকিং সামগ্রীসহ ওজন করে উদ্ধারকরা বস্তুর ৪৫৫ গ্রাম ওজন মিলেছে।
স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী বাদ দিয়ে প্রকৃত সোনার পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে বলেও বলে গোয়েন্দা দল বলছে।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সিআইআইডি আরও জানিয়েছে, এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর পাশপাশি পাশাপাশি যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংঘটিত স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান চলতে থাকবে বলে সতর্ক করেছে সিআইআইডি।