ইসির সঙ্গে আইআরআইর বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা
বাংলাদেশ সফর শেষ করে তারা শিগগিরই একটি প্রতিবেদন প্রকাশ করবেন, বলেন জন ফ্লুহার্টি।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সফররত যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এর প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল।
বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠকের তথ্য দিয়ে নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইআরআই প্রতিনিধিরা জাতীয় নির্বাচন নিয়ে কমিশনের সার্বিক প্রস্তুতিতে ‘সন্তোষ’ প্রকাশ করেছেন।
কমিশন আশা করছে, আইআরআই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে।
মঙ্গলবার আইআরআইর প্রতিনিধিরা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অন্তত ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর কথা বলেছেন।
সেদিন বিএনপির সঙ্গেও বৈঠক করে আইআরআইর প্রতিনিধিদলটি। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনি প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।
নির্বাচন কমিশন-ইসির সঙ্গে বৈঠকে বিশ্বজুড়ে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থার সমর্থনে কাজ করা আইআরআইর আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থার পরিচালনা পরিষদের সদস্য ক্রিস্টোফার জে. ফাসনার।
বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আইআরআই প্রতিনিধিদলের সদস্য জন ফ্লহার্টি সাংবাদিকদের বলেন, তারা নির্বাচন কমিশনের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে ‘ফলপ্রসূ’ আলোচনা করেছেন।
বাংলাদেশ সফর শেষ করে তারা শিগগিরই একটি প্রতিবেদন প্রকাশ করবেন বলেও তুলে ধরেন তিনি।
