Published : 25 Feb 2026, 08:56 PM
পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে কারওয়ান বাজার ট্রাফিক সিগন্যালে দাঁড়াল রাষ্ট্রপতির গাড়িবহর; সবুজ সংকেত জ্বলে ওঠার পর গাড়িবহর ছুটল বাংলামোটরের দিকে।
জনসাধারণের চলাচল আটকে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির গাড়িবহরের সাঁ সাঁ করে ছুটে চলা দেখেই অভ্যস্ত সাধারণ মানুষ; সেখানে বুধবার দেখা গেল ব্যতিক্রমী চিত্র।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সাধারণ যানবাহনের সঙ্গে মিশেই রাস্তায় চলাচল করতে দেখা যাচ্ছে তারেক রহমানকে। প্রধানমন্ত্রীর গাড়ির পাশ থেকে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন অনেকেই।
বুধবার সেই ধারায় চলল রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের গাড়িবহরও। অন্যান্য গণপরিবহনের সঙ্গে রাষ্ট্রপতির কালো বিএমডব্লিউ সেডান গাড়িটিও কারওয়ান বাজারের সিগন্যালে আটকে থাকে কিছুক্ষণ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, “আমাদেরকে উনার প্রটোকল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, নরমাল ট্রাফিক যেভাবে যায়, ব্যবস্থাটা যেন সেভাবেই রাখি। মাননীয় প্রধানমন্ত্রীও সেভাবেই যাচ্ছেন।”