২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভোলার সাবেক এমপি মুকুল ঢাকায় গ্রেপ্তার

তিনবারের সংসদ সদস্য মুকুল আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভাতিজা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2024, 11:55 PM

Updated : 26 Aug 2026, 10:55 AM

রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে এক হত্যার মামলায় তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‌্যাব।

পুলিশের বিশেষ এ ইউনিটের পাঠানো বার্তায় বলা হয়, মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য মুকুল। তাকে হাজারীবাগ এলাকা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের ভাতিজা আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন এবং ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে টানা তৃতীয়াবরের মত জয়ী হন তিনি।

এর আগে মুকুল ভোলার দৌলতখান পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন।

গণ আন্দোলনের মুখে ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। এরমধ্যেই মুকুলের গ্রেপ্তারের তথ্য এল। 

সরকার পতনের পর তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে ভোলায় আদালতে মামলা হয়েছে।