Published : 20 Feb 2026, 02:02 PM
দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণকে জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম আর ‘হতে দেওয়া হবে না’ বলে হুঁশিয়ার করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
তিনি বলেন, “আমরা দৃঢ়ভাবে বলতে চাই যে, দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণনের উপরে জুলুম করা বা তাদেরকে জিম্মি করে কোন ধরনের কার্যক্রম আমরা হতে দিব না।”
মানুষের স্বাভাবিক জীবনযাপনের প্রক্রিয়ায় যেন কোনো ধরনের বাধা না আসে, সেজন্য ‘সজাগ দৃষ্টি’ রাখারও আশ্বাস দিয়েছেন তিনি।
একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
সরকার গঠনের পর বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘দাবি আদায়ের ক্ষেত্রে সড়ক বন্ধ করা যাবে না’ বলে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।
এর একদিন পরই পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাবের প্রধান ‘জনভোগান্তির’ কার্যক্রম আর হতে না দেওয়ার প্রয়াস ব্যক্ত করলেন।
এদিন র্যাব মহাপরিচালক শহিদুর রহমান তিনি জুলাই গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলার ‘ভঙ্গুর’ পরিস্থিতি কাটিয়ে ওঠে ‘শান্তিপূর্ণ নির্বাচন’ আয়োজন করতে পেরে নিজেদের দৃঢ়তার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “জুলাই-অগাস্টের পরে একটা ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল। তখন থেকেই কিন্তু আমরা দেশবাসীকে আশ্বস্ত করেছিলাম যে, আমরা এটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব, ভালো করতে সক্ষম হব। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে রকম পরিবেশ দরকার আমরা সেই রকম পরিবেশে নিয়ে আসতে সক্ষম হব। আমরা সবাই মিলে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছি।
“আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, ভবিষ্যতেও এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরো ভালো হবে এবং আমরা অপরাধ নিয়ন্ত্রণে আনতে পারব। কোনভাবেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয়, সেদিকে আমরা সবসময় সতর্ক আছি,সজাগ দৃষ্টি রাখব।”
একুশ পালনে পর্যাপ্ত নিরাপত্তা
একুশে ফেব্রুয়ারি শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারাদেশেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন র্যাব ডিজি শহিদুর রহমান।
তিনি বলেন, “আমরা সারাদেশেই আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ ভালোভাবেই আমরা আমাদের এই কার্যক্রম সম্পন্ন করতে পারবো।”
কেন্দ্রীয় শহীদ মিনারে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে আমাদের ফোর্স আছে এবং আমরা কয়েকটা সেক্টরে ভাগ করেছি। প্রত্যেকটা সেক্টরেই আমাদের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে।”
এছাড়া পুরো এলাকা সুইপিং করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের বোম্ব ডিসপোজাল টিম স্ট্যান্ডবাই থাকবে। পুরো এলাকাটাকে আমরা ৬৪ টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভির আওতায় নিয়ে এসেছি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারাদেশে যেখানে যেখানে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হবে, সেসব স্থানেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।”
একুশ ঘিরে নিরাপত্তার কয়েক স্তর, কোনো ‘শঙ্কা নেই’: ডিএমপি কমিশনার