১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র থেকে সরিয়ে সাখাওয়াতকে বস্ত্র ও পাটে

স্বরাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর সাখাওয়াত হোসেনের বেশ কিছু মন্তব্য তুমুল আলোচিত হয়েছে। তার বিরুদ্ধে বিক্ষোভও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

স্বরাষ্ট্র থেকে সরিয়ে সাখাওয়াতকে বস্ত্র ও পাটে
গত ৮ অগাস্ট উপদেষ্টা হিসেবে শপথের পরদিন এম সাখাওয়াত হোসেনকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়। উপদেষ্টাদের মধ্যে তার বক্তব্য নিয়েই সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 12:16 AM

Updated : 26 Aug 2026, 10:16 AM

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার এক সপ্তাহ পরই দপ্তর পাল্টে গেল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের। 

দায়িত্ব গ্রহণের পর নানা বক্তব্য-বিবৃতি ও উদ্যোগের জন্য আলোচিত সাখাওয়াতকে পাঠানো হয়েছে কম আলোচনায় থাকা বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ে। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দায়িত্ব বণ্টনে তার জায়গায় আনা হয়েছে শুক্রবার নতুন করে উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীকে। পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব দিয়েছেন ইউনূস। 

প্রবল গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করে। 

প্রথমে ১৬ উপদেষ্টাকে সঙ্গী করে পথ চলতে শুরু করা ড. ইউনূস আট দিন পর তার পরিষদে নতুন করে আরও চারজনকে পেয়েছেন। 

শুক্রবার তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন। বঙ্গভবনে এই শপথের কয়েক ঘণ্টা পর উপদেষ্টা পরিষদের বৈঠকে দায়িত্ব পুনর্বণ্টনের খবর আসে। 

আইনশৃঙ্খলার পরিস্থিতিতে স্বাভাবিক করার চ্যালেঞ্জে নেওয়ার ৯ দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সরিয়ে দেওয়াকে সবচেয়ে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। 

গণআন্দোলন ও সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকেই দেশজুড়ে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা হতে থাকে। ভাঙচুর ও লুটপাটও করা হয় অনেক থানায়। এসব ঘটনায় নিহত হয়েছেন অনেক পুলিশ সদস্য। নিরাপত্তাহীনতা ও সহকর্মীদের হতাহত হওয়ার ক্ষোভ থেকে ৫ অগাস্টের পর কাজে যোগ দেননি পুলিশ সদস্যরা। অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েও গেছেন। ফলে ঢাকার রাস্তাঘাট এবং থানাগুলো কার্যত পুলিশশূন্য হয়ে পড়ে। 

নিরাপত্তাসহ ১১ দফা দাবিতে ৬ অগাস্ট থেকে কর্মবিরতি শুরু করেন পুলিশ সদস্যরা। পুলিশহীন দেশে দেখা দেয় ডাকাত আতঙ্ক, যান চলাচলে শৃঙ্খলা রক্ষায় নামে শিক্ষার্থীরা, তাদের সঙ্গে হাত বাড়ায় আনসার ও ফায়ার সার্ভিস। 

এমন বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে সরাষ্ট্রের দায়িত্বে এসে বেশ কিছু বক্তব্য দিয়ে বেশ আলোচনা-সমালোচনার মুখে পড়েন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তার বিরুদ্ধে বিক্ষোভও করেছে সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এসব নিয়ে সমালোচনার মধ্যেই পুলিশকে দ্রুত কাজে ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নেন তিনি, যাতে সফলও হন।

উপদেষ্টা হিসেবে প্রথমবার সচিবালয়ে গিয়ে কর্মস্থলে অনুপস্থিত এবং দায়িত্ব পালন না করা পুলিশ সদস্যদের এক সপ্তাহের মধ্যে কাজে ফেরার নির্দেশ দেন সাখাওয়াত হোসেন।

ওইদিন তিনি বলেন, “আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন। বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন, ডিউটিতে থাকবেন।”

তবে সচিবালয়ে যাওয়ার আগে রাজারবাগে পুলিশ হাসপাতালে আহতদের দেখতে যান তিনি। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “আমি সচিবালয়ের যাচ্ছি। আমরা আলোচনা করে একটা তারিখ দিয়ে দেব।

“এ তারিখের মধ্যে না এলে (যোগদান না করলে) তারা পলাতক । আমার কাছে অনেক মেকানিজম রয়েছে এ ঘাটতি পূরণ করার। আমরা একটা ডেট দেব, সে ডেটের মধ্যে জয়েন না করলে তারা পলাতক।”

এর আগে আইজিপির সঙ্গে পুলিশের আন্দোলনকারীদের একটি বৈঠক হট্টগোলের মধ্যে শেষ হয়। পরে উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি থেকে সরে আসেন পুলিশ সদস্যরা। সেখানে পুলিশের বর্তমান পোশাক পরিবর্তনের দাবিতে সায় আসে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে।

দায়িত্ব নেওয়ার দুদিন পর ১১ অগাস্ট রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারিতা করবেন- মিডিয়া বন্ধ হয়ে যাবে। আমি আবার বলি, চাটুকারি মিডিয়া হলে বন্ধ করে দেব।” 

সাম্প্রতিক সময়ে দেশের সংবাদমাধ্যম যে ভূমিকা রেখেছে তার সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, “অতীতে গণমাধ্যমে সত্য ঘটনা তুলে ধরা হয়নি। সেটি করা হলে আজ এই অবস্থা হত না। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই।” 

সমালোচনার মধ্যে পরদিন ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “এটা রাগের মাথায় বলেছি। এটা আসলে আমার কাজ না। ভবিষ্যতে আমি আশা করি, আমরা থাকি না থাকি, যারা পলিটিকস করেন, আপনারা যদি এটা (বন্ধ) করেন, আপনারা যারা আছেন মিডিয়া, আপনারা স্ট্রাইকে চলে যাবেন।” 

একই দিন তিনি বলেন, “আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, চান্দাবাজি করব- কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, অনুরোধ করেছি; পা ভেঙে দিতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল।” 

গত ৮ অগাস্ট বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এম সাখাওয়াত হোসেন। পরদিন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

গত ৮ অগাস্ট বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এম সাখাওয়াত হোসেন। পরদিন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

এরপর আলোচনায় আসেন ১২ অগাস্ট সচিবালয়ে এক আয়োজনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার পরামর্শ দিয়ে। এদিন সাখাওয়াত বলেন, “আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গন্ডগোল পাকানোর মানে হয় না, গন্ডগোল পাকিয়ে তো লাভ হবে না। এতে লোকজন আরো ক্ষেপে উঠবে।” 

আওয়ামী লীগকে পুনর্গঠনের পরামর্শও দেন তিনি। বলেন, “আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। সে দলে প্রচুর ভালো ভালো নেতা আছে, আমি এখনই নাম বলতে পারি। এ দলটা একসময় বাঙালিদের সেক্যুলারপন্থি দল ছিল। বাঙালি আপার ক্লাস মুসলিম লীগে ছিল, আর মিডল ক্লাসের দল ছিল আওয়ামী লীগ। 

“এত বড় মানুষের দল, যিনি এ দেশ স্বাধীন করেছিলেন, এতে তো কোনো সন্দেহ নাই। কারো সন্দেহ থাকার কথা না। উনি (বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান) স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, উনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সে দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে! যে দলের লোক এখন লুকিয়ে বেড়াচ্ছে। আমি উনাদেরকেও কথা দিচ্ছি। আপনারাও দল গুছিয়ে নেন। আপনাদের দলকে কেউ তো নিষিদ্ধ করেনি।” 

এই বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বাসনের ‘চেষ্টা’ হিসাবে অভিহিত করে তার বিরুদ্ধে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশ থেকে হুঁশিয়ার করা হয় এমন চেষ্টা করা হলে উপদেষ্টার পদ থেকে ‘টেনে নামানোর’ হবে। 

সাখাওয়াতের বিক্ষোভ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। তবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আক্ষেপ ছিল, উপদেষ্টার ‘সৎ’ পরামর্শ ‘কেউ মেনে নিতে’ পারল না। 

এরপর মঙ্গলবার আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় গিয়ে সীমান্ত ইস্যুতে কড়া বক্তব্য দেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। 

তিনি বলেন, “যেটুকু আমি শুনলাম, ১৫ বছর এই ফোর্সগুলোকে দানব বানিয়েছে। যারা বানিয়েছে আমি তাদের আন্তর্জাতিক আদালতে নিয়ে যাব। তারা কত কত লোক মেরেছে, প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করেছে। বিজিবির মত একটা ফোর্সকে পিঠ দেখাতে বলেছে বর্ডারে। বর্ডারে আমাদের লোক মরে আর বিজিবি ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য হয়। “যতদূর আমার এখানে বলার আছে, দেশবাসী আরও বলবে, পিঠ দেখাবেন না। যথেষ্ট হয়েছে। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ফ্ল্যাগ মিটিং হয়েছে। সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না। দ্যাট ডেজ আর ওভার। থ্যাংক্স গড যে, সেনাবাহিনীকে আমরা অনেকভাবে রেস্ট্রিক্ট করেছি।”