২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরের মীরের বাজারে গ্যাসের আগুনে শিশুর মৃত্যু, মা-বাবা দগ্ধ

“রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়,” বলেন এক স্বজন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 01:05 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় রান্না ঘরে জমে থাকা গ্যাসের আগুনে এক শিশুর মৃত্যু হয়েছে; দগ্ধ হয়েছে তার মা-বাবা।

রোববার ভোর ৪টার দিকে পূবাইল থানার মীরের বাজার এলাকার সাজ্জাদ মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

সেখানকার জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে ৭টায় রিপন (২৩), হাফিজা (২০) এবং চার বয়সী রায়হানকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রায়হানকে মৃত অবস্থায় আনা হয়।

“আগুনে রিপনের শরীরের ৮০ শতাংশ এবং হাফিজার ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের শ্বাসনালীও পুড়েছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক।”

রিপনের ভাই রাসেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিপনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দায়। স্ত্রী সন্তান নিয়ে মীরের বাজারের ওই বাসায় ভাড়া থাকতেন। তিনি প্রাণ-আরএফএলে চাকরি করতেন। 

রাসেল বলেন, “ওই বাসার দরজা-জানালা বন্ধ ছিল। রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। গ্যাসের লাইন লিক করায় গ্যাস জমেছিল বলে শুনেছি। 

“আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। আমার ভাতিজাটা মারা গেছে।”

পূবাইল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গত শনিবার পরিবারটি এ বাসায় ওঠে। তারা আসবাবপত্র গোছানোর সময় বসতঘরের পাশে রান্নার ঘরে গ্যাস সিলিন্ডার রেখেছিল। 

“গ্যাস সিলিন্ডারটির মাথার রেগুলেটর লুজ থাকায় ছিদ্র দিয়ে রাতভর গ্যাস বের হয়ে জমে থাকে। ভোরে শিশুকে দুধ খাওয়ানোর জন্য চুলায় গ্যাস ছেড়ে ম্যাচ দিয়ে আগুন ধরাতে গেলেই ওই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ওই আগুন থেকেই তারা দগ্ধ হয়।”

পুলিশ কর্মকর্তা আমিনুল বলেন, “আগুন নেভানোর পরও সিলিন্ডার থেকে শো শো করে গ্যাস বের হচ্ছিল। পরে তা বন্ধের ব্যবস্থা করা হয়েছে।”