১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পুশ ইন’ বন্ধে দৃশ‍্যমান কোনো উদ্যোগ নেই: এবি পার্টির মঞ্জু

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিচার এবং ক্ষতিপূরণও দাবি করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 05:09 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

সীমান্তে ‘পুশ ইন’ এর মাধ্যমে ভারত সরকার কূটনৈতিক সৌজন্য, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন করে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে ‘কার্যকর কোনো পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া হয়নি’ বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার ঢাকার বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, “কোনো রাষ্ট্রীয় বাহিনী তার অভিবাসী নাগরিককে অন‍্য দেশের মানুষ বলে জোরপূর্বক সীমান্তের শূন‍্য রেখায় দিনের পর দিন খোলা আকাশের নীচে বসিয়ে রেখে, নির্যাতন করে ঠেলে পার্শ্ববর্তী দেশে ঢোকানোর মত অমানবিক নিষ্ঠুর আচরণ পৃথিবীর কোথাও আছে বলে আমাদের জানা নেই।

“এর আগে মিয়ানমারের জান্তা সরকার তাদের নাগরিকদের উপর নৃশংস গণহত্যা চালিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে। কয়েক যুগ হতে যাচ্ছে বিশ লাখের বেশি শরণার্থীর হৃদয় বিদারক জীবন চেয়ে চেয়ে দেখছে বিশ্ববাসী। তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ নেই।”

তিনি বলেন, “ভারত সরকার বলেছিল নির্বাচিত সরকার আসলে তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবে, কিন্তু তাদের সহযোগিতার এই নৃশংস নমুনা অতীতের মতই আমাদের দেখতে হচ্ছে।”

সীমান্তে হাজারো বাংলাদেশি নাগরিকের হত্যার বিচার এবং ক্ষতিপূরণও দাবি করে মঞ্জু্।

এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকনও সংবাদ সম্মেলনে কথা বলেন।