বঙ্গবন্ধুর বাড়ির সামনে স্লোগান দিয়ে নারী গ্রেপ্তার
“এই নারী নিষিদ্ধ সংগঠনের পক্ষে সেখানে আসে এবং বিভিন্ন সময় মিছিলে অংশ নেয়,” বলেন পুলিশের এক কর্মকর্তা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে গুঁড়িয়ে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির কাছ থেকে একজন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে সালমা ইসলাম (৩২) নামের ওই নারী আওয়ামী লীগের সমর্থনে স্লোগান দিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা তাকে ধরে পুলিশে দেয়।
পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম জানান, পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
তিনি বলেন, "এই নারী নিষিদ্ধ সংগঠনের পক্ষে সেখানে আসে এবং বিভিন্ন সময় মিছিলে অংশ নেয়।"
একবার সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে গিয়ে বিশৃঙ্খলা করার তথ্য দিয়ে তিনি বলেন, “সালমা নানাভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করে।”
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা মাসুদ।
তবে এ নারীর রাজনৈতিক কোনো পরিচয় পাওয়া যায়নি।
এর আগে এদিন সকালে বঙ্গবন্ধুর ভেঙে ফেলা বাড়ি থেকে ইট সংগ্রহ করতে যাওয়া এক কিশোরকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
