১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ

আবদুল জব্বার ভুঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তিগত কিছু কারণে আজ রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 09:02 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ মোট ৫ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।

সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা পাঁচ আইন কর্মকর্তা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আবদুল জব্বার ভুঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যক্তিগত কিছু কারণে আজ রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।”

‘নিজের কাজে মনোযোগ দেওয়ার ইচ্ছা থেকে’ পদত্যাগ করেছেন জানিয়ে তিনি বলেন, “এখন থেকে প্র্যাকটিসে মনোযোগ দেব।”

২০২৪ সালের ১৩ অগাস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আবদুল জব্বার ভুঞা। 

একই কথা বলেন সুলতানা আকতার রুবিও। সরকারি দায়িত্ব ছেড়ে এখন আইন পেশায় মনোনিবেশ করতে চান তিনি।

রুবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০২৪ সালের ১৩ অগাস্ট আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছি। সবটুকু দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এখন ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

২০২৪ সালের ১৩ অগাস্ট সাবেক অন্তর্বর্তী সরকার সুলতানা রুবিকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছিল।

সম্প্রতি নতুন করে আইন কর্মকর্তা নিয়োগের পর এ নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনা চলছে। গত ৩০ জুলাই ৮৬ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার।

এই নিয়োগে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে বিএনপিপন্থি একদল আইনজীবী নিয়োগ বাতিলের দাবিতে কর্মসূচি পালন করে আসছে।

এর মধ্যে গত ৩ অগাস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে মাহফুজুর রহমান এবং ১৬ অগাস্ট নুরুল করিম পদত্যাগ করেন। এর পর সোমবার পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করলেন।