বিমানের দুবাই ফ্লাইটে প্রায় ১৯ কেজি সোনার বার
উড়োজাহাজের কার্গো হোল্ডে টেপ পেঁচানো ১৬০টি সোনার বার পাওয়া যায়।
সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমানের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে।
ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বৃহস্পতিবার সকালে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
সামরিক গোয়েন্দা সংস্থাসহ কাস্টম কর্মকর্তাদের যৌথ একটি দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ পেঁচানো অবস্থায় মোট ১৬০টি বার উদ্ধার করে, যেগুলোর ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়নি।
