Published : 13 Jan 2026, 12:05 AM
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কাছে স্পষ্ট, বাস্তবায়নযোগ্য ও কার্যকর কর্মসংস্থান পরিকল্পনা নিয়ে ‘জনগণের প্রত্যাশার কথা’ উঠে এসেছে এক গোলটেবিল বৈঠকে।
আলোচনায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চিফ অব পার্টি’ ক্যাথরিন সিসিল বলেন, “দীর্ঘদিন ধরেই কর্মসংস্থান বাংলাদেশিদের অন্যতম প্রধান অগ্রাধিকার, বিশেষ করে তরুণদের ক্ষেত্রে। তরুণ ভোটারদের একটি বড় অংশ এখনও নিশ্চিত নয় যে রাজনৈতিক দলগুলো তাদের কর্মসংস্থানের চাহিদাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে।”
সোমবার রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) আয়োজিত এ গোলটেবিল আলোচনায় নীতিনির্ধারক, রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও শ্রমবাজার বিশেষজ্ঞরা অংশ নেন।
তারা কর্মসংস্থানের বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাব্য নীতিগত সমাধান নিয়ে মতামত দেন।
রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) প্রোগ্রাম ডিরেক্টর মারিনা সুলতানা বলেন, “প্রতি বছর ১১ থেকে ১২ লাখ তরুণ বিদেশে কাজের জন্য পাড়ি জমাচ্ছে, যাদের অধিকাংশের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে।
“তবে দক্ষতার ঘাটতি ও কাজ না পাওয়ার কারণে গত বছরের প্রথম ছয় মাসেই প্রায় ৪০ হাজার প্রবাসী কর্মী দেশে ফিরে এসেছেন। এতে রিক্রুটমেন্ট ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়েছে।”
রাজনৈতিক দলের অবস্থান তুলে ধরে বিএনপির পলিসি টিমের সদস্য সাইয়েদ আবদুল্লাহ বলেন, “ভবিষ্যতের সব বড় চ্যালেঞ্জ মোকাবিলার কেন্দ্রে থাকবে কর্মসংস্থান সৃষ্টি। দক্ষতা উন্নয়ন, আইটি খাত সম্প্রসারণ, প্রবাসীদের জন্য স্বল্পসুদে ঋণ এবং উচ্চমাধ্যমিক পর্যায় থেকেই ভাষাশিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান বলেন, তরুণদের কর্মসংস্থান তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ সম্প্রসারণ, উপজেলা পর্যায়ে ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন, যুবঋণ কর্মসূচি এবং কর সংস্কারের প্রস্তাব দেন।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম, বিডিজবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, আকিজ-বশির গ্রুপের গ্রুপ এইচআর ডিরেক্টর দিলরুবা এস খান, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তারও তাদের মতামত তুলে ধরেন আলোচনায়।