১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিবন্ধন: রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্যদের আবেদনে বাধা দেখছে না ইসি

আদালতের আদেশ হাতে পাওয়ার পর এ কথা বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

নিবন্ধন: রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্যদের আবেদনে বাধা দেখছে না ইসি
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার-ফাইল ছবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ্য প্রতিবেদক

Published : 27 Mar 2025, 07:52 PM

Updated : 01 Sep 2026, 11:36 AM

এক নজরে

আদালতের আদেশ হাতে পাওয়ার পর এ কথা বললেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাই কোর্টের রুলের কপি পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের করা রিট আবেদনে এ রুল জারি হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ দলটি ছাড়া অন্য রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনে কোনো বাধা নেই।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “সব দলের জন্য এ গণবিজ্ঞপ্তি স্থগিত করা হয়নি। আর আদালতের রুলের জবাবও দেওয়া হবে।

এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন ছাড়া অন্য কোনো দলের আর নিবন্ধন আবেদনে কোনো বাধা নিষেধ নেই।”

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ মার্চ নতুন দল নিবন্ধন আবেদন আহ্বান করে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন-ইসি।

ইসির সেই গণবিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যমান আইন-বিধি মেনে আগামী ২০ এপ্রিল পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করার সুযোগ রয়েছে রাজনৈতিক দলগুলোর।

ইসির সেই শর্তে বলা হয়েছে, আবেদনকারী দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক তৃতীয়াংশ (২১টি) প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় প্রত্যেকটিতে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সম্বলিত দলিল থাকলে নিবন্ধন পাবে সেই দল।

এ গণবিজ্ঞপ্তি ‘সংবিধানের মূল চেতনার পরিপন্থি’ দাবি করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম রিট আবেদন করেন।

১৮ মার্চ রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে হাই কোর্ট।

এ গণবিজ্ঞপ্তি কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাই কোর্ট বেঞ্চ।

চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পুরনো খবর:

রাজনৈতিক দল নিবন্ধন: ইসির গণবিজ্ঞপ্তি হাই কোর্টে স্থগিত

নিবন্ধন: আগ্রহী দলের আবেদনের শেষ সময় ২০ এপ্রিল