Published : 23 May 2024, 11:23 PM
নির্ধারিত পোশাক ও পরিচয়পত্র ছাড়া আইনজীবীর সহকারীদের আদালতে প্রবেশ নিষিদ্ধ করে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়ে দিয়েছে, এর লঙ্ঘন হলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।
বিচারপ্রার্থীদের প্রতারণা থেকে রক্ষা করা এবং আদালতের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে প্রধান বিচারপতির নির্দেশনার পরিপ্রেক্ষিতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাই কোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মিজানুর রহমান স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এ নির্দেশনা শুধু উচ্চ আদালত অঙ্গনের ক্ষেত্রে প্রযোজ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট আইনজবীবী সমিতি ‘আইনজীবী সহকারী’র পোশাক নির্ধারণ করে দিয়েছে এবং তাদের আলাদা পরিচয়পত্রও দেওয়া আছে। তারপরও তারা নির্ধারিত পোশাক পরে আসছেন না, পরিচয়পত্রও প্রদর্শন করছেন না।
আইনজীবীর সহকারী না হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি যেন আইনজীবীর সহকারী পরিচয়ে আদালত অঙ্গন এবং আদালতের কোনো শাখায় প্রবেশ করতে না পারে, সেটি নিশ্চিত করাই এ পদক্ষেপের উদ্দেশ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে কোর্ট অফিসার, কোর্ট কিপার ও সুপারিনটেনডেন্টদের এ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতে বলা হয়েছে।
তবে বৃহস্পতিবার পর্যন্ত এ নির্দেশনার আওতায় কেউ শাস্তি পেয়েছে বলে জানা যায়নি।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহ মঞ্জুরুল হকের কাছে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম জানতে চাইলে তিনি বলেন, “সুপ্রিম কোর্ট প্রশাসন এমন নির্দেশনা জারি করেছে, এটি ঠিক। তবে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমার জানা নেই।”