Published : 13 Apr 2026, 03:55 PM
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে কারাগারে নেওয়ার পথে কাঁদলেন তার স্ত্রী নুসরাত জাহান।
সোমবার ঢাকার মহানগর হাকিম আদালত প্রাঙ্গণে এ দৃশ্য দেখা যায়।
গত ২৫ মার্চ রাত সাড়ে ১২টার দিকে ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাকে দেলোয়ার হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছিল আদালত। এরপর ৩১ মার্চ তার আরও ৬ দিনের রিমান্ড হয়।
পঞ্চম দফায় এক দিনের রিমান্ড শেষে শেখ মামুন খালেদকে সোমবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির এসআই কফিল উদ্দিন।
মামুন খালেদের পক্ষে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন ও নজরুল ইসলাম পাখি জামিন চেয়ে শুনানি করেন।
আদালতের অনুমতি নিয়ে কথা বলেন মামুন খালেদও।
তিনি বলেন, “২০২০ সালে চাকুরি থেকে অবসরে যাই। এরপর কানাডিয়ান একটি ইউনিভার্সিটিতে প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করে। বিইউপিতেও চাকুরি করি। সারাদিন অ্যাকাডেমিক বিষয় নিয়ে থাকতাম। রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমার জামিনটা মঞ্জুর করবেন।”
এরপর মোরশেদ হোসেন শাহীন বলেন, “অসুস্থ থাকায় গতকাল তার একদিনের রিমান্ড আবেদন করা হয়। জীবন আগে, পরে বিচার করবেন।”
শুনানি নিয়ে আদালত তার জামিন নামঞ্জুরের আদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গ্রেপ্তারের পর থেকে মামুন খালেদকে যেদিনই আদালতে হাজির করা হয়, সেদিনই আদালতে আসেন তার দুই কন্যা। সোমবারও তারা আদালতে আসেন। এদিন তাদের সঙ্গে মা নুসরাত জাহানও আসেন।
কারাগারে পাঠানোর আদেশের পর আদালতের হাজতখানায় নেওয়ার পথে দাঁড়িয়ে ছিলেন নুসরাত জাহান। হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট পরা মামুন খালেদকে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্বামীর সঙ্গে একটু কথা বলে সরে যান তিনি। পরে মামুন খালেদকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবির হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। ভাঙচুর চালানো হয় বিএনপি কার্যালয়ে। কার্যালয়ের পাশে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করেন।
রোববারের আগে চার দফায় মোট ১৭ দিন মামুন খালেদকে রিমান্ডে নেয় ডিবি পুলিশ।