১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ‘অতিরিক্ত যাত্রী ছাড়া’ ছাড়ে লঞ্চ: তথ্য বিবরণী

প্রতিমন্ত্রী রাজিব আহসান অসম প্রতিযোগিতা বন্ধ করা এবং যাত্রীদের ওঠানামায় শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ‘অতিরিক্ত যাত্রী ছাড়া’ ছাড়ে লঞ্চ: তথ্য বিবরণী
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 09:06 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

নৌপথে ঈদযাত্রায় ‘অতিরিক্ত যাত্রী ও অনিয়ম রোধে কঠোর অবস্থানের’ কথা তুলে ধরেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

ঘরমুখো যাত্রীদের ‘নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় নৌযাত্রা নিশ্চিত করতে’ বৃহস্পতিবার তিনি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের পরিদর্শন করেছেন বলে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, প্রতিমন্ত্রী সদরঘাটের বিভিন্ন পন্টুন পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নিজে একাধিক লঞ্চের যাত্রীসংখ্যা যাচাই করেন।

কোথাও অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেলে সংশ্লিষ্ট লঞ্চগুলোকে ঘাটে অবস্থান করতে না দিয়ে তাৎক্ষণিকভাবে গন্তব্যের উদ্দেশে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।

তথ্যবিবরণীতে বলা হয়, এ সময় প্রতিমন্ত্রীর নির্দেশে বেশ কয়েকটি লঞ্চ ‘অতিরিক্ত যাত্রী বহন না করে’ টার্মিনাল ছেড়ে যায়।

প্রতিমন্ত্রী রাজিব আহসান অতিরিক্ত যাত্রী বোঝাই না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন এবং লঞ্চ চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, অসম প্রতিযোগিতা বন্ধ করা এবং যাত্রীদের ওঠানামায় শৃঙ্খলা নিশ্চিত করার কথা বলেন।

এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সার্বিক ব্যবস্থাপনাও পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।