১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চার বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা

মঙ্গলবার থেকে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 08:17 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

দেশের বিভিন্ন অঞ্চলে চলা বৃষ্টিপাতের মধ্যেই চার বিভাগে আরও একদিন ভারি বৃষ্টিপাত হওয়ার আভাস দিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর ৷

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

এর আগে রোববার পর্যন্ত টানা বৃষ্টিপাতের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। 

এর মধ্যে সোমবার সকাল থেকে পরবর্তী তিনদিনের জন্য সারাদেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে নোয়াখালীর মাইজদীকোর্টে। এছাড়া পটুয়াখালীর খেপুপাড়ায় ১৩৫, চট্টগ্রামের আমবাগানে ১১৫, চট্টগ্রামে ১০১ মিলিমিটারসহ সারাদেশে কম-বেশি বৃষ্টি নথিবদ্ধ করা হয়েছে।

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি নথিবদ্ধ হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত।