১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে কেউ গণতন্ত্রবিরোধী, দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কথা বলবে না: প্রেস সচিব

“আমি মনে করি না যে আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় কোনো শোক প্রকাশ করবে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আন্তর্জাতিকভাবে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আশা করছেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার ফেইসবুক পোস্টে তিনি প্রশ্ন রাখেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী হবে?"

আওয়ামী লীগকে নিষদ্ধ করার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “আমি মনে করি না যে আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় কোনো শোক প্রকাশ করবে। এই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য জরুরি ছিল।”

জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামীসহ কিছু দলের দাবির মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া দলটিকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার কথা জানিয়ে সরকার বলেছে, সোমবার এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।

আর সরকারের আদেশ পাওয়ার পরই দলটির নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে নিরবাচন কমিশন।     

প্রেস সচিব শফিকুল আলম ফেইসবুক পোস্টে লিখেছেন, গণতান্ত্রিক দেশগুলোও অতীতে মানবতার বিরুদ্ধে অপরাধ বা জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপের জন্য রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ইতালিতে নাৎসি ও ফ্যাসিস্ট দল নিষিদ্ধ করা হয়েছিল। স্পেন ও বেলজিয়ামে কিছু দল বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।

প্রেস সচিবের ভাষ্য, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের (ইউএনওএইচসিএইচআর) প্রতিবেদনে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ এবং এর সংশ্লিষ্ট সংগঠনগুলো মানবতার বিরুদ্ধে নৃশংস অপরাধে জড়িত ছিল। দলটির নেতাকর্মীরা ব্যাংক লুট করেছে এবং দেশের অর্থ বিদেশে পাচার করেছে।

সবশেষে প্রেস সচিব বলেন, “গণতান্ত্রিক বিশ্বে একটি হত্যাকাণ্ডে লিপ্ত, গণতন্ত্রবিরোধী এবং দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কথা বলার কেউ থাকবে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আশা করা উচিত নয়।”