Published : 10 Sep 2026, 04:59 PM
অর্থ আত্মসাতের মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের বিচারের শুরুর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত তার অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন।
একই সঙ্গে আগামী ১০ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন রাখা হয়েছে বলে আহমেদ জোবায়েরের আইনজীবী সালেহ উদ্দিন জানিয়েছেন।
২০২৫ সালের ৫ মে মামলা করেন সময় টিভির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়।
আহমেদ জোবায়েরের অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী সালেহ উদ্দিন। আদালত অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেয়।
এরপর আইনজীবী তার জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত জামিন আবেদনও নাকচ করে দেয়।
এরপর প্রতারণা ও জালিয়াতির মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের আদালতে আহমেদ জোবায়েরের জামিন চান সালেহ উদ্দিন। ওই মামলায়ও জামিন আবেদন নামঞ্জুর হয়।
অর্থ আত্মসাতের মামলার বিবরণীতে বলা হয়েছে, সময় টিভির দায়িত্বে থাকা অবস্থায় আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে ২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করা হয়। পরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে প্রতিষ্ঠানের দুটি গাড়ি ও উত্তোলন করা অর্থ ফেরত দিতে বলা হয়। তবে তিনি এসব ফেরত দিতে অস্বীকৃতি জানান।
এ ছাড়া সময় টিভির মালিক কোম্পানি সিটি গ্রুপ এসব সম্পদ ফেরত চেয়ে তাকে আইনি নোটিস পাঠালেও তিনি তাতে সাড়া দেননি।
এছাড়া ‘প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির’ অভিযোগে আহমেদ জোবায়েরসহ ছয় জনের বিরুদ্ধে গত ১০ মে মামলা করেন সৈয়দ আসাদুজ্জামান নামের এক ব্যক্তি।
মামলার অপর আসামিরা হলেন-আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, মেয়ে সারাফ নাওয়ার জয়ীতা, ছেলে আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।
তাদের ১৭ জুন আদালতে হাজির হতে সমন জারি করেন বিচারক। কিন্তু তারা হাজির না হওয়ায় ওইদিন আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
১৮ জুন আহমেদ জোবায়ের, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
আদালত তিন জনকে জামিন দিলেও আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
সময় মিডিয়া লিমিটেডের মালিকানা ও পরিচালনা নিয়ে চলমান বিরোধের জেরে বাদী প্রতিশোধমূলকভাবে এই মামলা করেছেন বলে দাবি আহমেদ জোবায়েরের আইনজীবীর।