১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্রম আইনকে আইএলওর মানদণ্ডে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

ইউনূস বলেন, "আমরা ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। আপনারা খুব শিগগিরই এর পরিবর্তন দেখতে পাবেন।"

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2025, 12:26 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শ্রম আইনকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর  মানদণ্ডে নিয়ে যেতে শ্রম সংস্কার বাস্তবায়নে অন্তবর্তী সরকার ‘প্রতিশ্রুতিবদ্ধ’।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মঙ্গলবার দেশের কারখানায় শ্রমিকদের নিরাপত্তা উন্নয়নে কাজ করা সংগঠন নিরাপন নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেছেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।  

মুহাম্মদ ইউনূস বলেন, "আমরা ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। আপনারা খুব শিগগিরই এর পরিবর্তন দেখতে পাবেন।"

ওই বৈঠকে নিরাপনের চেয়ারম্যান সিমোন সুলতানা এবং সংগঠনের স্বাধীন পরিচালক তপন চৌধুরী দলটির নেতৃত্ব দেন। এছাড়া শীর্ষস্থানীয় পশ্চিমা ব্র্যান্ড এবং খুচরা বিক্রেতাদের প্রতিনিধিরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এরিমধ্যে শ্রমিক ইউনিয়ন ও কারখানা মালিকদের সঙ্গে ১৮ দফা চুক্তি করেছে, যা শিল্পে স্থিতিশীলতা এনেছে এবং পোশাক রপ্তানি বাড়াতে সহায়ক হয়েছে।

সিমোন সুলতানা পোশাক শিল্পে সংস্কার উদ্যোগ নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বলেছেন ‘নিরাপন’ তাদের স্থানীয় অংশীদার ব্র্যাক এবং আমাদের কথাসহ, কারখানাগুলোকে তাদের নিরাপত্তা ব্যবস্থাপনা সক্ষম করতে উদ্ভাবনী সরঞ্জামের বিকাশ এবং সরবরাহে অগ্রণী ভূমিকা পালন করছে।

দেশে কারখানা নিরাপত্তার উন্নতিতে ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরাও সন্তোষ প্রকাশ করেছেন।

যমুনার বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।