১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এক বছর পর জয়শঙ্করের সাক্ষাৎ পেলেন হাই কমিশনার, সম্পর্ক এগোনোর বার্তা

অন্তর্বর্তী সরকারের সময়ে দিল্লি মিশনে যোগ দেওয়ার পর থেকে বাংলাদেশের এ কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ হয়েছিল শুধু ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2026, 08:04 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

দায়িত্ব নেওয়ার প্রায় এক বছরের মাথায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

শুক্রবার মাইক্রোব্লগিং সাইট এক্স এ পৃথক পোস্টে নিজেদের বৈঠকের খবর দিয়েছেন তারা।

বৈঠকের একটি ছবি পোস্ট করে জয়শঙ্কর লিখেছেন, বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ’র সঙ্গে সাক্ষাৎ হয়েছে।

“আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে এগিয়ে নেওয়ার উপর দৃষ্টি রেখে আলোচনা হয়েছে।”

বাংলাদেশ হাই কমিশনার লিখেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি।

“অভিন্ন স্বার্থে এবং অভিন্ন লাভের জন্য ভারতের সঙ্গে একসঙ্গে পথচলার ও কাজ করার বিষয়ে বাংলাদেশের প্রস্তুত থাকার বিষয়ে বলেছি।”

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের এপ্রিলে নয়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের দায়িত্বে যোগ দেন রিয়াজ হামিদুল্লাহ। সেই থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের খবর আসেনি।

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় দুদেশের সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে প্রায় এক বছরের মাথায় জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছেন রিয়াজ হামিদুল্লাহ।

দিল্লি মিশনে যোগ দেওয়ার পর এ কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ হয়েছিল শুধু ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে।

চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শুরু থেকে টানাপোড়েন দেখা দেয় দিল্লির; পারস্পরিক অভিযোগ ও জনবিক্ষোভের মধ্যে পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের ঘটনাও ঘটে।

এর মধ্যে ভারত সরকার বলে আসছিল, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার নয়, নির্বাচনের মাধ্যমে ঢাকার শাসন ক্ষমতায় আসা সরকারের সঙ্গে কাজ করবে তারা।

একই দিনে পাল্টাপাল্টি কূটনীতিকদের তলবের রেশ না কাটার প্রেক্ষাপটেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর প্রেক্ষাপটে দিল্লির মনোভাবে পরিবর্তন দেখা যায়।

চলতি বছরের জানুয়ারির শেষে বর্তমান প্রধানমন্ত্রী তারেকের মায়ের মৃত্যুতে শোক জানিয়ে চিঠিতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসসয় তার বার্তা নিয়ে ঢাকা সফর করেন জয়শঙ্কর; দেখা করেন তারেক রহমানের সঙ্গে। 

এরপর জাতীয় নির্বাচনে জিতে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার আসে বাংলাদেশে। নতুন বিএনপি সরকারের অভিষেকে যোগ দিতে আসেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা।

বাংলাদেশে নতুন সরকার আসার পর দিল্লি ও ঢাকার তরফে সম্পর্ক স্বাভাবিক করার মনোভাবের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করলেন হাই কমিশনার হামিদুল্লাহ।