Published : 26 Apr 2026, 06:31 PM
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা পদে একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ।
দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক আবদাল আহমদকে এ পদে নিয়োগ দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ পদে (গ্রেড-১) তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে বলা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করা সৈয়দ আবদাল জাতীয় প্রেস ক্লাবের ২০১১-১২ ও ২০১৩-১৪ মেয়াদে সাধারণ সম্পাদক ছিলেন।
১৯৯২-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-প্রেসসচিব (সরকারের উপ-সচিব পদমর্যদা) হিসেবেও দায়িত্ব পালন করেন সৈয়দ আবদাল। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য।
সবশেষ অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
দৈনিক আমার দেশ ছাড়াও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দৈনিক জনকণ্ঠ, দৈনিক দিনকাল, সাপ্তাহিক বিচিত্রাসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন সৈয়দ আবদাল আহমদ।