০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এয়ারলাইন্স কর্মীদের নিয়ে এটিজেএফবির ফুটবল টুর্নামেন্ট

টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে ৪ জুলাই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 10:44 PM

Updated : 19 Sep 2026, 02:30 PM

ঢাকা থেকে কার্যক্রম চালানো দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্সের কর্মীদের নিয়ে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট।

আগামী ৩ ও ৪ জুলাই গুলশান ইয়ুথ ক্লাব টার্ফ মাঠে এ টুর্নামেন্ট হবে; দেশের এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের এটিজেএফবি এ প্রতিযোগিতা আয়োজন করেছে।

বুধবার ঢাকার একটি হোটেলে ‘এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ’ ট্রফি উন্মোচন করা হয়। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তপু বর্মন ও সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র করেন।

শুক্রবার এ টুর্নামেন্টের ‘রাউন্ড অব সিক্সটিন’ শুরু হবে। এদিন সন্ধ্যায় হবে কোয়ার্টার ফাইনাল। টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে শনিবার।

টুর্নামেন্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিদ্বন্দ্বিতা করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়ার সঙ্গে ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজের সঙ্গে এয়ারএশিয়া, সৌদিয়ার সঙ্গে টার্কিশ এয়ারলাইন্স, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের সঙ্গে থাই এয়ারওয়েজ, এমিরেটসের সঙ্গে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর সঙ্গে নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এয়ার অ্যাস্ট্রা।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে টার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে বলেন, “বিষয়টি খুবই উত্তেজনার ও আনন্দের। আমরা মুখিয়ে আছি, ভালো প্রস্তুতি নিচ্ছি।”

আয়োজক সংগঠন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, “পেশাগত পরিসরের বাইরে এসে পারস্পরিক সৌহার্দ্য, যোগাযোগ ও বন্ধুত্ব আরো সুদৃঢ় করার জন্য এমন একটি সম্মিলিত প্ল্যাটফর্মের অভাব ছিল। এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”