১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে সাহস যোগাবে আশুরা: ইউনূস

কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন বলে তুলে ধরেন তিনি।

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে সাহস যোগাবে আশুরা: ইউনূস
মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 09:29 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

জুলুম ও অবিচারের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আশুরা মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

আশুরা উপলক্ষে দেওয়া বাণীতে শনিবার এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এ আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।”

আশুরার শোকাবহ দিনে মুহাম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা।

কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন তুলে ধরে তিনি বলেন, “সমগ্র পৃথিবী সৃষ্টিসহ নানা তাৎপর্যপূর্ণ ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূল (স.) আশুরা উপলক্ষে দুটি রোজা রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।”

মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে আল্লাহর নৈকট্য লাভে সবার প্রতি বেশি করে নেক আমল করার আহ্বান জানিয়ে তিনি সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি আশুরার এ দিনে মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।