১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাদ্য কর্মসূচিকে জনবান্ধব করার তাগিদ মন্ত্রী রিতার

খাদ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে রোববার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 06:21 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

খাদ্য কর্মসূচিকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করতে খাদ্য মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

তিনি বলেছেন, “সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে খাদ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

“জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য কর্মসূচিগুলো আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধবভাবে বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

খাদ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে রোববার মন্ত্রণালয়ে প্রথম মতবিনিময় সভায় মন্ত্রী রিতা এ কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, “দৃশ্যমান পরিবর্তনের মাধ্যমে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে হবে।”

তারেক রহমান সরকারের শুরুতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ছিলেন আফরোজা খানম রিতা। সরকারের ছয় মাসের মাথায় রদবদলের অংশ হিসেবে শুক্রবার তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিতা বলেন, “প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু জসীম উদ্দিন খান।