১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রাক-নিকার সচিব কমিটি গঠন

নতুন মন্ত্রণালয়, সিটি করপোরেশন, পৌরসভা, বিভাগ, জেলা বা উপজেলা গঠন এবং জনবল সংক্রান্ত সুপারিশ দেবে এই কমিটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 01:37 AM

Updated : 26 Aug 2026, 02:13 PM

নতুন মন্ত্রণালয়, সিটি করপোরেশন, পৌরসভা, বিভাগ, জেলা বা উপজেলা গঠন এবং জনবল সংক্রান্ত সুপারিশ দিতে প্রাক-নিকার সচিব কমিটি গঠন করেছে সরকার। 

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জননিরাপত্তা বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ও বিষয় সংশ্লিষ্ট সচিবরা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধি

১. নতুন মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তর স্থাপন, পুনর্গঠন এবং নাম পরিবর্তনের প্রস্তাব বিবেচনা করে সুপারিশ করা। 

২. নতুন সিটি করপোরেশন ও পৌরসভা স্থাপন এবং সীমানা পুনর্নির্ধারণের (সম্প্রসারণ ও সংকোচন) বিষয়ে সুপারিশ করা।

৩. নতুন বিভাগ, জেলা, উপজেলা ও বিভিন্ন ধরনের থানার অধিক্ষেত্র ও সদর দপ্তর নির্ধারণ এবং প্রয়োজনীয় ভূমি ও ভৌত অবকাঠামো সুবিধা সম্পর্কে সুপারিশ দেওয়া।

৪. বিভাগ, জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি অফিসে ন্যূনতম জনবল কাঠামো সম্পর্কে সুপারিশ দেওয়া।

৫. বিভাগ, জেলা, উপজেলা, থানা বা ইউনিয়নের কোনো এলাকা সংযোজন বা বিয়োজনের বিষয়ে সুপারিশ দেওয়া।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজন অনুসারে সভা করবে। প্রয়োজনবোধে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।