১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান

স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামান তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান
মুহা. মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 05:37 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব দিয়েছে সরকার।

সোমবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

সেখানে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগে দায়িত্ব পালনরত অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন।

অর্থ পাচার ও বিদেশে সম্পদ কেনার অভিযোগ ওঠার পর রোববার পদত্যাগ করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম।

গত সপ্তাহে দৈনিক প্রথম আলোতে “কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনা চলছিল।

তৎকালীন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের আগ মুহূর্তে ঢাকায় ওয়াসায় নতুন এমডি বসানোর গুঞ্জন ছিল।

গেল বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ আব্দুস সালামকে এই পদে নিয়োগ দেয়। এর আগে ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালন করেন তিনি।

সালামের বিরুদ্ধে তদন্তে সিআইডি

প্রাথমিক অনুসন্ধানের বরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি বলেছে, আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দেন।

পরে বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ অবৈধ প্রক্রিয়ায় বিদেশে পাচার করে তিনি নিজ নামে, তার স্ত্রী এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন বলে অভিযোগ পাওয়ার কথা বলছে সিআইডি।

তদন্ত সংস্থাটি বলেছে, ২০১৮ সালে আব্দুস সালাম নিজের নামে এবং তার স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডার টরন্টো শহরে একটি বাড়ি কিনেছেন। স্থানীয় ভূমি নিবন্ধন অফিস সূত্রে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৮ সালের ২৮ মার্চে কেনা কানাডার ওই বাড়িটির বর্তমান মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। বিভিন্ন সংবাদমাধ্যমেও কানাডার টরন্টোতে তার পরিবারের নামে বাড়ি থাকার তথ্য প্রকাশিত হয়েছে।

এমন প্রেক্ষাপটে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী তার বিরুদ্ধে অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে কার্যক্রম শুরুর কথা জানিয়েছে সিআইডি।