Published : 23 Feb 2026, 08:31 PM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিতে প্রসিকিউশনের সহযোগিতা ও যথাযথ দায়িত্ব পালনের কথা তুলে ধরে নতুন প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম বলেছেন, যারা নিরপরাধ তারা হয়রানির শিকারও হবেন না।
দায়িত্ব পাওয়ার সরকারি প্রজ্ঞাপনের পর সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে তিনি সদ্য সাবেক প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
দায়িত্ব পালনে আইনমন্ত্রী বা সরকারের যারা এই সংক্রান্ত বিষয়াদি যারা দেখভাল করছেন, তাদের দিক থেকে কোনো বার্তা দেওয়া হয়েছে কি না কিংবা কোনো পরিকল্পনা বা নির্দেশনা পেয়েছেন কি না- এমন প্রশ্ন করা হয় নতুন প্রধান কৌঁসুলিকে।
এর জবাবে আমিনুল ইসলাম বলেন, “বিষয়টা হচ্ছে ট্রাইব্যুনালটি একটি আইনে পরিচালিত হয়। আইনের বাইরে অন্য কোনো নির্দেশনা থাকতে পারে না এবং আইনের বাইরে অন্য কোনো নির্দেশনা অন্তত আমার আমলে গ্রহণযোগ্য হবে না।

“আইন অনুযায়ী, আইনে যেভাবে আছে সেইভাবে বিচারকার্য হবে, এর বাইরে অন্য কোনো নির্দেশনা আমার কাছে নাই।”
এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে তার স্থলে দায়িত্ব দেওয়া হয় সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে।
দায়িত্ব বুঝে নেওয়ার পর নতুন প্রধান কৌঁসুলি আমিনুল চব্বিশের আন্দোলনে নিহত ও আহতদের আকাঙ্ক্ষা অনুযায়ী গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালন করতে চাওয়ার কথা তুলে ধরেন।
তিনি বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, যেখানে জুলাই বিপ্লব, জুলাই বিপ্লবের যে সকল শহীদগণ আত্মত্যাগ করেছেন, পঙ্গুত্ববরণ করেছেন–আমি মনে করি যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে এই ট্রাইব্যুনালে আমি আমার কর্তব্য পালন করতে পারি।
“এই ট্রাইব্যুনালে যে সকল বিচার চলমান আছে এবং আগামী দিনে যে বিচারগুলো (শুরু হবে), যেগুলো মামলা বিচারের জন্য আসবে, আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব যে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে এই ট্রাইব্যুনালে বিচারকার্যে আন্তরিক সহযোগিতা করতে পারি।”
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্বাধীনতা সংগ্রামে সকল শহীদদের আত্মত্যাগ এবং যেসব মা-বোনদের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্র্জজিত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি প্রয়াত রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের সদ্য প্রয়াত নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পূর্বসূরি মোহাম্মদ তাজুল ইসলামকে বন্ধু হিসেবে তুলে ধরে তিনি বলেন, “তিনি আজকে দায়িত্বভার অর্পণ করেছেন, এজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।”
নতুন প্রধান কৌঁসুলি বলেন, “আমি একটা কথা শুধু বলতে চাই, এই ট্রাইব্যুনালে যে সকল অপরাধীরা বিচারের সম্মুখীন, তাদের জন্য সুস্পষ্ট মেসেজ– যে, যারা কোনো অন্যায় করেনি, তারা কোনো হয়রানির শিকার হবেন না অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী, তাদের প্রতি প্রসিকিউশনের পক্ষ থেকে একটা সুস্পষ্ট বার্তা দিতে চাই যে, যারা অপরাধী তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে।”
বর্তমান কয়েকজন প্রসিকিউটরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে - এগুলো তদন্ত করে ব্যবস্থা নেবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “আজকে একেবারেই আপনাদের মেহমান, প্রথম দিন। এই কথাগুলো একেবারেই এখন নিতে চাচ্ছি না।
“অফিসে বসি এবং আপনারা যে কথাগুলো বললেন, যদি এরকম কিছু হয় নিশ্চয়ই আমার কাছে আসবে এবং তখন এগুলো দেখা যাবে।”