Published : 24 Sep 2025, 07:53 PM
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় বলা হয়েছে।
এতে বলা হয়, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার যাত্রায় মুহাম্মদ ইউনূসের অগ্রণী ভূমিকা তুলে ধরে তার ১৪ মাসের নেতৃত্বের প্রশংসা করেছেন।
বৈঠকে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক পরিবর্তন, রাজস্ব ও ব্যাংক খাত সংস্কার, চট্টগ্রাম বন্দর উন্নয়ন ও পুনরুজ্জীবন, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং এশিয়াজুড়ে তরুণদের ক্রমবর্ধমান রাজনৈতিক অংশগ্রহণসহ নানা বিষয়ে আলোচনা হয়।
তারা পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার পুনরুদ্ধারের বিষয়টিও আলোচনায় তোলেন।
মুহাম্মদ ইউনূস দেশের ইতিহাসের এ গুরুত্বপূর্ণ সময়ে বিশ্বব্যাংকের দৃঢ় সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পাচার হওয়া অর্থ ফেরাতে এবং চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও সংস্কারে বিশ্বব্যাংকের সহায়তা চান।
তিনি বলেন, এ বন্দরের উন্নয়ন লক্ষাধিক উৎপাদনমুখী কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াবে।
মুহাম্মদ ইউনূস বলেন, “চট্টগ্রাম বন্দর এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি। আসুন আমরা একসঙ্গে উন্নয়ন করি।”
তিনি বলেন, নেপাল ও ভুটানের মতো ভৌগোলিকভাবে স্থলবেষ্টিত দেশ এবং ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যও একটি আধুনিকায়িত চট্টগ্রাম বন্দর থেকে ব্যাপকভাবে উপকৃত হবে।
প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ব্যাংকিং ও রাজস্ব খাত সংস্কারের ওপর জোর দিয়ে বলেন, টেকসই ও উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি তৈরি করতে এসব সংস্কার অপরিহার্য।
বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।