১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হজযাত্রীদের ‘ব্যাকঅ্যাপ আবাসন’ ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর

২০২৭ সালের হজে ‘ব্যাকঅ্যাপ’ আবাসন ২ শতাংশ নির্ধারণ করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় বলছে, এতে হজের খরচ বাড়বে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 09:57 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

আগামী বছর হজে বাংলাদেশের জন্য ‘ব্যাকঅ্যাপ’ আবাসন ১ শতাংশ বহাল রাখতে সৌদি সরকারকে অনুরোধ জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সোমবার রাজধানীর গুলশানে সৌদি দূতাবাসে বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সৌদি আরবে হজযাত্রীদের যে বাড়িতে রাখা হয়, কোনো কারণে সেখানে থাকা সম্ভব না হলে তাৎক্ষণিকভাবে যাতে অন্য বাড়িতে স্থানান্তর করা যায়, সেজন্য ‘ব্যাকআপ’ আবাসনের ব্যবস্থা রাখা হয়।

এতদিন এই ব্যাকআপ আবাসনের পরিমাণ ছিল মোট আবাসনের ১ শতাংশ। কিন্তু ২০২৭ সালের হজে ‘ব্যাকঅ্যাপ’ আবাসন ২ শতাংশ নির্ধারণ করেছে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়।

বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় বলছে, এতে হজের খরচ বাড়বে। এ কারণে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ২০২৬ সালের হজের মত ১ শতাংশ বহাল রাখার অনুরোধ করেন ধর্মমন্ত্রী।

সৌদি রাষ্ট্রদূত বলেন, এ সংক্রান্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের একটি আধা-সরকারি পত্র তিনি রোববার হাতে পেয়েছেন এবং তা সুপারিশসহ সৌদি সরকারকে পাঠিয়েছেন।

তিনি এ বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। এছাড়া, দ্বিপক্ষীয় যেকোনো বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের ত্বড়িৎ পদক্ষেপের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন সৌদি রাষ্ট্রদূত।

ধর্ম মন্ত্রণালয়ের এ আধা-সরকারি পত্রে ক্যাটারিং ঐচ্ছিক রাখা এবং মিনা-আরাফায় সার্ভিস প্যাকেজ ‘ডি’ এর মূল্যমানের অনুরূপ সার্ভিস প্যাকেজ-৩ এর সেবামূল্য নির্ধারণের কথা উল্লেখ রয়েছে।

মন্ত্রী এ বছর সার্বিক হজ ব্যবস্থাপনা সুন্দর, সুশৃঙ্খল ও মসৃন করার জন্য রাষ্ট্রদূত ও সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

মন্ত্রণালয় বলছে, এ বৈঠকে দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও মজবুত ও সুসংহত করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এর আগে ধর্মমন্ত্রী সৌদি দূতাবাসে পৌঁছালে রাষ্ট্রদূত তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ বৈঠকে দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।