১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদযাত্রায় নৌপথে নজরদারি ‘আরও জোরদার’ করা হচ্ছে: নৌমন্ত্রী

“নৌদুর্ঘটনা এখনও একটি বড় চ্যালেঞ্জ,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2026, 10:42 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নৌপথে নজরদারি ‘আরও জোরদার’ করার কথা বলেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার নৌ নিরাপত্তা সপ্তাহ উদ্বোধন করে মন্ত্রী বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের নৌপথে যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করছে।”

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে ঢাকা লেডিস ক্লাবে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর এই আয়োজন হয় বলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নৌমন্ত্রী বলেন, “নদীমাতৃক বাংলাদেশে নৌপথ মানুষের জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ। তবে নৌদুর্ঘটনা এখনও একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, নৌযান মালিক, চালক ও যাত্রী—সকলকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

রবিউল আলম বলেন, “সরকার ইতোমধ্যে নৌযানের ‘ফিটনেস’ নিশ্চিতকরণ, চালকদের প্রশিক্ষণ এবং নৌপথ চিহ্নিতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। একইসঙ্গে নৌপথে নজরদারি ও আইন প্রয়োগ কার্যক্রম আরো জোরদার করা হচ্ছে। আমরা চাই, প্রতিটি নৌযাত্রা হোক নিরাপদ এবং প্রতিটি পরিবার নিরাপদে গন্তব্যে পৌঁছাক।”

নৌযান পরিচালনায় নিয়ম-নীতি মেনে চলা, অতিরিক্ত যাত্রী বহন বন্ধ এবং প্রতিটি নৌযানে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, “প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা, নিবন্ধন কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, নৌপরিবহন সচিব জাকারিয়া বক্তব্য রাখেন।

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।