১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

র‌্যাবের ৮ কুকুর নিলামে, সর্বোচ্চ দাম উঠল ২৬ হাজার টাকা

কুকুরের ক্রেতা কারা ছিলেন সে ব্যাপারে তথ্য দেয়নি র‌্যাব।

র‌্যাবের ৮ কুকুর নিলামে, সর্বোচ্চ দাম উঠল ২৬ হাজার টাকা
মিরপুর-১৪ পুলিশ লাইন্সে বুধবার নিলাম অনুষ্ঠানে র‌্যাবের ডগ স্কোয়াড থেকে অবসরে যাওয়া প্রশিক্ষণপ্রাপ্ত জার্মান শেফার্ড জাতের ‘এলমা’, কুকুরটি বিক্রি হয় ১৬ হাজার টাকায়। ছবি: শামছুল হক রিপন

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 09:26 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

বর্তমানে অপারেশনাল কাজে অনুপযুক্ত র‌্যাবের ডগ স্কোয়াডের প্রশিক্ষিত আটটি কুকুর নিলামে বিক্রি করা হয়েছে। এর মধ্যে একটি কুকুরের সর্বোচ্চ দাম উঠেছে ২৬ হাজার টাকা।  

বিক্রি হওয়া ৮টি কুকুরের মধ্যে পাঁচটি ল্যাবরেডর ও তিনটি জার্মান শেফার্ড জাতের। এর মধ্যে ৫টি পুরুষ ও তিনটি মেয়ে কুকুর।

বুধবার দুপুরে মিরপুর-১৪ পুলিশ লাইন্সে উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয় বলে তথ্য দেন র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, “এক একটি কুকুর সর্বনিম্ন ৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত বিড ছিল। এর সঙ্গে বিক্রয় মূল্যের উপর শতকরা ১০ ভাগ আয়কর এবং ১৫ ভাগ ভ্যাট যুক্ত হবে। সে হিসাবে ৫ হাজার টাকার বিড ওঠা কুকুরের দাম হবে ৬ হাজার ২৫০ টাকা এবং ২৬ হাজার টাকা বিড ওঠা কুকুরের জন্য ক্রেতাকে দিতে হবে ৩২ হাজার ৫০০ টাকা।” 

এরইমধ্যে আটটি কুকুর নিলামের মাধ্যমে বিক্রি হয়ে গেছে তথ্য দিয়ে তিনি বলেন, “বয়সজনিত কারণে কুকুরগুলোর অনুসন্ধান সক্ষমতা হ্রাস পাওয়ায় এবং র‌্যাবের ডগ স্কোয়াডের অভিজাতিক সক্ষমতা অক্ষুন্ন রাখার জন্যই এই নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়।”

ইন্তেখাব চৌধুরীর তথ্য অনুযায়ী, নিলামে বিক্রি হয়ে যাওয়া প্রতিটি কুকুরের নাম আছে। ল্যাবরেডর জাতের তিনটি পুরুষ কুকুরের নাম ডিলন, ডিগবি, ইভান। একই জাতের দুটি মেয়ে কুকুরের নাম ডন এবং হেইডি জুনিয়র। জার্মান শেফার্ড জাতের দুটি পুরুষ কুকুরের নাম উইংক এবং নেরো। একই জাতের একমাত্র মেয়ে কুকুরটির নাম এলমা।

জার্মান শেফার্ড উইংক এই ৮টি কুকুরের মধ্যে সবচেয়ে ছোট। তার বয়স ৬ বছর ৭ মাস ১১ দিন। এই দলে সবচেয়ে বয়স্ক কুকুর ল্যাবরেডর ডিলন। তার বয়স ৮ বছর ৩ মাস ২৭ দিন।

এসব কুকুরের ক্রেতা কারা ছিলেন সে ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে নিলামে বিক্রি শেষ হলেও ক্রেতাদের আগামী তিনদিনের মধ্যে আয়কর এবং ভ্যাট পরিশোধ করে কুকুরগুলো নিয়ে যেতে বলা হয়েছে বলে তথ্য দেন ইন্তেখাব চৌধুরী।