১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে রিকশা ছিনতাই

“কয়েকজন ছিনতাইকারী বাবাকে ধরে একটা পিকআপে উঠিয়ে হাতুড়ি দিয়ে পেটায়,” বলেন তার ছেলে।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2025, 11:36 AM

Updated : 26 Aug 2026, 12:46 PM

ঢাকার কলেজগেইট এলাকায় চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে নগদ টাকাসহ তার ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনার পর আহত চালক কবির হোসেনকে উদ্ধার করে ভোরবেলা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

কুমিল্লার হোমনা উপজেলার আলিপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে ৪৩ বছর বয়সী কবির পরিবার নিয়ে থাকেন ঢাকার খিলগাঁও এলাকায়।

আহত কবিরের ছেলে মো. সাব্বির বলেন, রাতে ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে যাওয়ার সময়ে এক যাত্রী কলাবাগানে নামেন, আরেক যাত্রী কলেজ গেইটে গিয়ে  থামাতে বলেন। 

“সে সময় কয়েকজন ছিনতাইকারী বাবাকে ধরে একটা পিকআপে উঠিয়ে হাতুড়ি দিয়ে পেটায়। তার কাছে থাকা প্রায় হাজার খানেক টাকা ও মোবাইলের ব্যাটারি খুলে নেয়। পরে তাকে নামিয়ে দিয়ে রিকশা নিয়ে চলে যায়।"