Published : 13 Jul 2025, 07:03 PM
প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টসহ আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রায় আরেক দফা নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
রোববার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এর আগে গত ১২ জুন একই এলাকা নিয়ে একই ধরনের নিষেধাজ্ঞা দেয় ডিএমপি। একই ধরনের আরেকটি গণবিজ্ঞপ্তি আসে গত ১৫ মে।
সবশেষ গণবিজ্ঞপ্তিতে সভা সমাবেশ নিষিদ্ধ করা এলাকা হিসেবে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সামনের সড়কের কথা বলা হয়েছে।
এসব নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেও কয়েক দফা গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি।
সবশেষ ৮ জুলাইয়ের গণবিজ্ঞপ্তিতে সচিবালয় ও যমুনার আশপাশের এলাকা হিসেবে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোডের কথা বলা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা বা নিরাপত্তা রক্ষার স্বার্থে’ পুলিশ কমিশনার লিখিত আদেশ দিয়ে যেকোনো সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। তবে সরকারের অনুমোদন ছাড়া এমন নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ রাখার সুযোগ নেই।