Published : 13 Jul 2025, 11:18 PM
ঢাকার মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর দাবি ‘পুরোপুরি’ আদায় না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎকরা।
একই দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ডেকেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
রোববার সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসক এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সভাপতি ডা. ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী।
তিনি বলেন, “আমরা যেসব দাবি করেছিলাম, সেগুলোর আংশিক পূরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি।
“যেহেতু হাসপাতালের নিরাপত্তা এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি, তাই সব ইন্টার্ন চিকিৎসকের দাবির পরিপ্রেক্ষিতে আগামী দুইদিন, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার কর্মবিরতি পালন করা হবে। তবে যারা জরুরি সেবা দেন, তারা কর্মবিরতির বাইরে থাকবেন।”
গত বুধবার মিডফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়। ৩২ বছর বয়সী সোহাগ মিটফোর্ড এলাকায় পুরনো তার কেনাবেচার ব্যবসা করতেন। তার বাড়ি বরিশালে।
নৃশংস ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়। দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।
মিটফোর্ড হাসপাতালে ২৩০ জন ইন্টার্ন চিকিৎসক আছেন। হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন আইডিএস রোববার একদিনের কর্মবিরতি ঘোষণা দেয়। তাতে একাত্মতা ঘোষণা করে ক্লাস বর্জনের কর্মসূচি দেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমতিয়াজ উদ্দিন নাদিম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ক্যাম্পাসে প্রচুর বাইরের লোকজন এসে ঘোরাফেরা করে। আমরা গতকাল প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম। কিন্তু কোনো আশ্বাস পাইনি। এজন্য ক্লাস বর্জন করছি। আর ইন্টার্ন চিকিৎসকরাও কর্মবিরতি পালন করছেন।”
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মাজহারুল শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের কেউ আজ ক্লাসে আসেনি। তারা ক্লাস বর্জন করেছে। তবে শাটডাউন করেছে এমন কথা আমাকে কেউ বলেনি। আমি এ ধরনের বিষয় জানিও না।”