Published : 30 Mar 2026, 05:57 PM
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সদর দপ্তর পরিদর্শন করেছেন।
সোমবার সকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রী ঢাকার কুর্মিটোলায় বিমান সদর দপ্তর ‘বলাকা’ পরিদর্শনে যান বলে বিমানের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্ত্রী-প্রতিমন্ত্রী সদর দপ্তরে পৌঁছালে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়রা সুলতানা তাদের স্বাগত জানান। এরপর বিমানের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেন মন্ত্রী-প্রতিমন্ত্রী।
সভায় বিমানের বর্তমান রুট নেটওয়ার্ক, বহর সম্প্রসারণ পরিকল্পনা, আর্থিক অগ্রগতি, যাত্রীসেবার মানোন্নয়ন এবং আসন্ন হজ পরিচালনাসহ সামগ্রিক কার্যক্রমের উপর বিস্তারিত বিষয় তুলে ধরা হয়।
সভায় আফরোজা খানম বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের জাতীয় গর্বের প্রতীক। এই প্রতিষ্ঠানকে আরও আধুনিক, প্রতিযোগিতামূলক ও যাত্রীবান্ধব করে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান সরকারের সদিচ্ছাকে কাজে লাগিয়ে বিমানকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে অন্যরা বিমানকে অনুসরণ করে।”
এ লক্ষ্যে তিনি যাত্রীদের ব্যাগ চুরির ঘটনায় জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা, যাত্রীদের সঙ্গে বিশেষ করে প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ সঙ্গে ক্যাবিন ক্রুসহ সব কর্মীর আচরণ সম্মানজনক ও পেশাদার করা, টিকেট বিক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এছাড়া, টিকেটের অপ্রাপ্যতার অভিযোগ থাকা সত্ত্বেও ফ্লাইটে আসন শূন্য যাওয়ার বিষয়টি কার্যকরভাবে তদারকি করা, হজ কার্যক্রম সুষ্ঠু, নিরাপদ ও সময়মতো সম্পন্ন করা এবং হজযাত্রীদের সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন মন্ত্রী।
পাশাপাশি বিমানের অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশগত মানদণ্ড সর্বদা যথাযথভাবে বজায় রাখার ওপরও জোর দেন তিনি।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “বিমানের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে মন্ত্রণালয় সর্বদা পাশে থাকবে।”
চুক্তি স্বাক্ষর সাপেক্ষে ২০৩২ সাল নাগাদ বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হতে পারে। এই প্রেক্ষিতে প্রতিমন্ত্রী ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত কীভাবে বিমান তার অপারেশনাল কার্যক্রম পরিচালনা করবে, তার একটি পূর্ণাজ্ঞ প্রতিবেদন মন্ত্রণালয়ের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন; যাতে মন্ত্রণালয় যাচাই-বাছাই করে এ-বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।