Published : 24 May 2026, 03:04 PM
পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন তা করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
তিনি বলেন, "আজকে মামলার চার্জশিট দেওয়া হচ্ছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির ব্যাপারে যা যা করা প্রয়োজন তা করা হচ্ছে। আশা করা যায় বিচারকার্য খুব দ্রুত অল্প সময়ের মধ্যে শেষ হবে।"
এ ধরনের অপরাধ ঠেকাতে সামাজিক আন্দোলনের তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সচিবালয়ে রোববার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ আয়োজিত সংলাপ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
রামিসা ধর্ষণ-হত্যা্ মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে পুলিশ।
রোববার সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান বলেন, “কিছু কাজ বাকি আছে, কাজ চলছে। আজই আদালতে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেব।”
পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে গত মঙ্গলবার দুপুরে শিশু রামিসার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলেছে, ওইদিন সকালে পাশের ফ্লাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এরপর ফ্ল্যাটের সাবলেট এই ভাড়াটে গ্রিল কেটে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন।
পুলিশ বাসা থেকে স্বপ্নাকে আটক করে। পরে সন্ধ্যায় সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা দুইজনকে আসামি করে সেদিনই পল্লবী থানায় মামলা করেন।
‘শেখ হাসিনা বিচারের মুখোমুখি হন আমরাও চাই’
আইনানুগ প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের ‘চেষ্টা রয়েছে’ বলে ফের জানিয়েছেন সালাউদ্দিন আহমদ।
এ বিষয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "একাধিকবার চিঠি দেওয়া হয়েছে ভারত সরকারকে তাকে ফেরত পাঠানোর ব্যাপারে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন।"
২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।
২০২৫ সালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হয় শেখ হাসিনার। বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে দুর্নীতির একাধিক মামলাতে।
এদিকে পাসপোর্ট এবং টাকায় ছবি পরিবর্তন করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিগত ফ্যাসিস্ট সরকার এগুলোকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে। এগুলোতে পরিবর্তন আসছে। জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, বীরশ্রেষ্ঠদের ছবি থাকবে।"
বর্তমান সরকার জুয়া, অনলাইন জুয়া, বেটিংয়ে ব্যাপারে কঠোর অবস্থা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, আগের আইন সংশোধন আকারে এনে এ ব্যাপারে নতুন আইন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিএসআরএফের সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।