১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অনলাইনে প্রতারণা: চীনের ৫ নাগরিক আরো ২ দিনের রিমান্ডে

উত্তরা ও তুরাগ এলাকা থেকে গেল বুধবার নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 06:07 PM

Updated : 11 Sep 2026, 02:27 PM

অনলাইন জুয়া, সাইবার প্রতারণা, অবৈধ আর্থিক লেনদেন ও টাকা পাচারের অভিযোগে চীনের পাঁচ নাগরিককে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি এই আদেশ দেন। 

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, এমএ জি (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিঞ্জি (৩২), ওয়াং শিবো (২৪),  জেমস ঝু (৪৩)।

এছাড়া তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, চাং তিয়ানতিয়ান (২৯), মো. কাউসার হোসেন (২৪) ও মো. আব্দুল-কারিম (২৮)।

ঢাকার উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে গেল বুধবার নয়জনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় রমনা মডেল থানায় মামলা করেন ডিবি পুলিশের সাইবার টিমের এসআই সুব্রত দাশ। 

বৃহস্পতিবার ৮ আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়। তবে রোকন উদ্দিন নামে এক আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

দুই দিনের রিমান্ড শেষে ৮ আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপি ডিবির সাইবার টিম দক্ষিণের এসআই মো. রাশেদুল ইসলাম।

তিনি চাং তিয়ানতিয়ান, মো. কাউসার হোসেন ও মো. আব্দুল-কারিমকে কারাগারে আটক রাখার আবেদন করেন। রিমান্ড চান বাকি পাঁচজনের। 

প্রসিকিউশন পুলিশের এএসআই রেজাউল করিম বলেন, পাঁচ আসামির পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিন চেয়েছিলেন। জামিন চেয়েছিলেন বাকি তিন আসামির। 

রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে এবং জামিনের বিরোধীতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ আসামির দুই দিনের রিমান্ড এবং তিন আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বলা হয়, নজরদারি চালাতে গিয়ে ফেইসবুক, ইউটিউব, টেলিগ্রাম ও বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন, ডিপোজিট বোনাসের প্রলোভন এবং বিকাশ বা নগদ ব্যবহার করে অবৈধ লেনদেনের তথ্য সামনে আসে। এসব ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে স্বল্প সময়ে দ্বিগুণ-তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছিল। এসব অভিযোগে উত্তরা ১৩ নম্বর সেক্টর ও তুরাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।